“আমারে কম্বলডা দিয়ে উপকার করল্যা”—শীতে স্বস্তি পেলেন অসহায়রা


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন /
“আমারে কম্বলডা দিয়ে উপকার করল্যা”—শীতে স্বস্তি পেলেন অসহায়রা

মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী প্রতিনিধি

এ বছর শীতের প্রকোপ তুলনামূলক বেশি। দিনের বেলা কোনোরকমে সময় কাটালেও রাত নামলেই অসহায় মানুষের কষ্ট বেড়ে যায় বহুগুণ। তীব্র ঠান্ডায় শরীর জবুথবু হয়ে পড়ছে বলে জানান তারা।

এমন পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে তরুণ-যুবকদের সংগঠন স্পর্শ ফাউন্ডেশন। গত মঙ্গলবার সকালে নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়নের মাস্টার মোড় গ্রামে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ষাটোর্ধ্ব আবেদ আলী বলেন, “দিনে কোনোরকমে থাকলেও রাইতে ঠান্ডায় শরীর জইম্যা যায়। আমারে কম্বলডা দিয়ে উপকার করল্যা তোমরা। এই কম্বল গায়ে দিয়্যা কামকাজও করতে পারমু।” তিনি ওই এলাকার বাসিন্দা।

কম্বল পেয়ে খুশি বিধবা সালেহা বেগম (৬৫) বলেন, “ঠান্ডায় ঘরের বাইরে যাওয়া যায় না। হাত-পা কোকড়ায়ে যায়। বয়স হইছে, কামকাজ করতে পারি না। তোমাগো এই কম্বলটা খুব কাজে দিব।”

এদিকে বয়সের ভারে নুয়ে পড়া ও অসুস্থ পনি মিয়া (৭০) কম্বল গ্রহণ করে বলেন, “আমাগো মতো অসহায় মানুষের কথা আপনারা চিন্তা করেছেন। আল্লাহ আপনাগো মঙ্গল করুক।”

স্পর্শ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ রানা জানান, সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ প্রয়োজন।”

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক হাবিবুর রহমান হাবু, বিশেষ অতিথি নবিউল্লাহ (অবসরপ্রাপ্ত ম্যানেজার, জনতা ব্যাংক), সাহাবুর রহমান (সাধারণ সম্পাদক, স্পর্শ ফাউন্ডেশন), সাংবাদিক আবু হাসান আনছারী, লাদেন মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।