কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রলির ধাক্কায় আফতাব আলীর মৃত্যু


hamarkur6 প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ১২:১৯ অপরাহ্ন /
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রলির ধাক্কায় আফতাব আলীর মৃত্যু

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পাথরবোঝাই একটি ট্রলির ধাক্কায় আফতাব উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই এলাকার নামাপাড়া গ্রামের মৃত ইনতাজ‌ আলীর ছেলে। পেশায় তিনি একজন ঘোড়ার গাড়িচালক ছিলেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা–শালজোর ঘাটপার সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আফতাব উদ্দিন আসাদমোড় এলাকা থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পাথরবোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গাড়ির চালক কমর উদ্দিনকে আটক করা হয়েছে, সে আবুল শেখের ছেলে। গাড়ি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে।