কুড়িগ্রামে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন /
কুড়িগ্রামে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম ।। কুড়িগ্রাম সদর

দীর্ঘদিন ধরে অবহেলার শিকার ইবতেদায়ী মাদ্রাসার প্রতি বিশেষ নজর দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। পূর্বে একাধিকবার দাবি-দাওয়া জানানো হলেও সেগুলো কার্যকরভাবে আমলে নেয়া হয়নি। এবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এসব সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ জানুয়ারি) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান (মনির)-এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা মোঃ নুরুন্নবী আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোঃ মোখলেছুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ ও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মহাসচিব মোঃ শামছুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন— অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি (চলমান আন্দোলন বাস্তবায়ন কমিটি) চেয়ারম্যান মাওলানা মোঃ বশীর উল্ল্যাহ আতহারী এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মোঃ আল আমিনসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছেন। বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে তারা শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে অনেক শিক্ষক পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে লাগাতার অবস্থান কর্মসূচিসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

এসময় কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।