
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম-৪ আসনে জমেছে ভিন্নমাত্রার রাজনৈতিক উত্তাপ। একই পরিবারের দুই ভাই ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করায় এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় রাজনৈতিক অঙ্গন বলাবলি করছে—“ভাই বনাম ভাই” লড়াই এবার নির্বাচনের প্রতিযোগিতায় আলাদা রঙ যোগ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আলহাজ্ব আজিজুর রহমান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে তারই ভাই আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে মনোনয়ন জমা দেন।
দুই ভাইয়ের এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয়দের ধারণা, ঐতিহ্যগতভাবে বিএনপি-জামায়াতের ভোটব্যাংক থাকা এই আসনে পারিবারিক বিভাজন নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে। অনেকে বলছেন—ভোট ভাগাভাগি হলে নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির প্রার্থী আজিজুর রহমান বলেন, “আমি ১৯৯১ সালে নির্বাচন করেছি। অভিজ্ঞতা আছে। আমার ভাই হলেও রাজনৈতিক মাঠে সে প্রতিদ্বন্দ্বী। তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখি না। নির্বাচিত হলে এলাকার উন্নয়নেই কাজ করব।”
অপরদিকে জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “ভাইয়ে ভাইয়ে কোনো রেষারেষি নেই, তবে রাজনৈতিক মাঠে ছাড় নেই। সম্মান রেখে প্রতিদ্বন্দ্বিতা করব। ইনশাআল্লাহ জয়ী হব।”
স্থানীয় সূত্র বলছে, পারিবারিকভাবে দুই দলের সমর্থনে ভোটারদের ভিন্ন আবেগ তৈরি হয়েছে। অনেকেই এটিকে বন্ধুত্বপূর্ণ কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন।
এদিকে একই আসনে আরও মনোনয়ন জমা দিয়েছেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ: হাফিজুর রহমান
জাতীয় পার্টি: ফজলুল হক মণ্ডল
সমাজতান্ত্রিক দল (বাসদ): খালেকুজ্জামান
বাসদ (মার্ক্সবাদী): রাজু আহমেদ
সব মিলিয়ে কুড়িগ্রাম-৪ আসন নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন বেশ উত্তপ্ত। ভোটাররা অপেক্ষায়—শেষ পর্যন্ত কার ঘরে যাবে বিজয়ের মালা।
আপনার মতামত লিখুন :