
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়ার ভাসানীপাড়া এলাকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীরা সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে থানায় খবর দিলে পুলিশ, বন বিভাগ এবং সমাজসেবা বিভাগের কর্মকর্তারা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা এবং বলদিয়া বাজারের বিখ্যাত সাপুড়ে মোজাহার-এর সহযোগিতায় অজগরটি উদ্ধার করা হয়।
এএসপি মুনতাসির মামুন জানান, “ভারতের কালজানী নদী দিয়ে কয়েকদিন আগে কাঠ ভেসে আসে। ধারণা করা হচ্ছে, সেসময় গাছের সঙ্গেই অজগরটি এপারে এসেছে।”

স্থানীয় কৃষকরা জানান, দুপুরে জমিতে কাজ করার সময় হঠাৎ একটি বিশাল আকৃতির অজগরকে গাছের ডালে ঝুলতে দেখতে পান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সার্কেল এএসপি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সাপটির নিরাপত্তা নিশ্চিত করেন। উৎসুক জনতার ভিড় বাড়তে থাকায় সাপটির ক্ষতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে সুরক্ষাবেষ্টনী তৈরি করে।
পরবর্তীতে অজগরটিকে সফলভাবে উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানায়, সাপটির শারীরিক অবস্থা ভালো রয়েছে। পর্যবেক্ষণ শেষে সেটিকে নিরাপদ এলাকায় বন্য পরিবেশে অবমুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :