ভূরুঙ্গামারীতে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন


HK প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ১০:০০ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ভূরুঙ্গামারীর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সেকবর আলী, অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মজিদ, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ সোসাইটির সভাপতি বোরহান উদ্দিন, এবং এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজ কিরন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মামুন-উর-রশিদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

বক্তারা বলেন, “সমবায়ের মূল নীতি হলো ‘একতাই বল’। এটি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা, বিশ্বাস এবং অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে।” তারা আরও বলেন, “সমবায় আন্দোলনের মাধ্যমে সদস্যরা সম্মিলিতভাবে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে এবং দেশের সার্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

আলোচনা শেষে আন্ধারীঝাড় ও তিলাই ইউনিয়নের নারী সমবায় সমিতিকে যথাক্রমে এক লক্ষ টাকার ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া সমবায়ে বিশেষ অবদানের জন্য দুইজন সফল সমবায়ী ও তিনটি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

বক্তারা আগামীতে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।