রৌমারীতে পারিবারিক কলহের জেরে মা–কন্যার নদীতে ঝাঁপ, মা উদ্ধার হলেও শিশু নিখোঁজ


HK প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৫, ১:৪৬ অপরাহ্ন /
রৌমারীতে পারিবারিক কলহের জেরে মা–কন্যার নদীতে ঝাঁপ, মা উদ্ধার হলেও শিশু নিখোঁজ

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মা ও চার বছরের শিশু কন্যা জিঞ্জিরাম নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় মা’কে জীবিত উদ্ধার করা গেলেও শিশুটি এখনো নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় যাদুর চর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ফিরোজ মিয়ার স্ত্রী মোছাঃ জবা বেগম বিকেল সাড়ে চারটার দিকে স্বামীর বাড়িতে আসেন। বাড়িতে ফিরোজ মিয়ার মা ও বোন উপস্থিত ছিলেন। পরে মোবাইল ফোনে স্বামী–স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যা ছয়টার দিকে জবা বেগম তাদের চার বছরের মেয়ে ফেমাকে নিয়ে বাড়ির পাশে জিঞ্জিরাম নদীতে ঝাঁপ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর প্রবল স্রোতে পড়ে শিশু ফেমা মায়ের হাত থেকে ছিটকে যায়। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত নৌকা নিয়ে জবা বেগমকে উদ্ধার করলেও শিশুটিকে আর পাওয়া যায়নি।

ঘটনার পর রৌমারী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা শিশুটির সন্ধানে নদীতে অনুসন্ধান অভিযান চালাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।