চিলমারীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন /
চিলমারীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রামের চিলমারীতে মোটরসাইকেল চোর চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলা সংযোগকারী মওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর থেকেই চিলমারী এলাকায় মোটরসাইকেল চুরির প্রবণতা বেড়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় চিলমারী থানা পুলিশ অভিযানে নামে।

শুক্রবার গভীর রাতে চিলমারী বাজার এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি চোর চক্রের সদস্য বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর চিলমারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—মোঃ মিলন (২৬), মোঃ হান্নান মিয়া (৩২), মোঃ সাদাকাত হোসেন (৩৫), মোঃ নুরুল হুদা (৩৫), সাং গাজীরপাড়া, চিলমারী, কুড়িগ্রাম এবং মোঃ রুবেল মিয়া (২৭), সাং হকবাজার নয়াটারী, হারাগাছ, রংপুর মেট্রো।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন, “চিলমারী থানা পুলিশের চৌকস টিমের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো চিলমারী থানায় জমা দেওয়া হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।