কুড়িগ্রামের সব মসজিদে ভেজালবিরোধী বক্তব্য প্রদানের নির্দেশ


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ন /
কুড়িগ্রামের সব মসজিদে ভেজালবিরোধী বক্তব্য প্রদানের নির্দেশ

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের সব মসজিদে শুক্রবারের (৫ সেপ্টেম্বর) জুমআর খুতবার আগে খাদ্যে ভেজাল মেশানো, মজুদদারি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের বিষয়ে ইসলামি অনুশাসন তুলে ধরে বক্তব্য প্রদানের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউণ্ডেশন কুড়িগ্রাম জেলা কার্যালয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক ফাউণ্ডেশন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি। তিনি বলেন, খাদ্যে ভেজাল মেশানো, মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি মুনাফা অর্জন করা একটি গুরুতর সামাজিক ও নৈতিক অপরাধ। ইসলামী শরিয়ত অনুযায়ী এসব কাজ সম্পূর্ণ হারাম। এতে বাজার ব্যবস্থা ব্যাহত হয়, ভোক্তারা জুলুমের শিকার হয় এবং ন্যায্য বাণিজ্য ব্যবস্থায় বাধা সৃষ্টি হয়।

এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফাউণ্ডেশনের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।