
নিউজ ডেস্ক
গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার ফল ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরেই চুরি হয়ে গেছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল। এতে সন্ধ্যার পর পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে এখন যানবাহন ও পথচারীরা মারাত্মক ঝুঁকির মধ্যে চলাচল করছেন।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সেতুর ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বাতি না জ্বালায় ক্যাবল চুরির ঘটনা ধরা পড়ে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্বোধনের পরদিনই দুর্বৃত্তরা সেতুর ল্যাম্পপোস্টের তার কেটে নিয়ে গেছে। এতে সেতুর আলোকসজ্জা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তিনি জানান, দ্রুত নতুন ক্যাবল সংযোগের কাজ শুরু হবে এবং ভবিষ্যতে এমন নাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
অন্ধকার নামতেই সেতুতে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। পথচারী ও যানবাহন চালকরা জানিয়েছেন, আলো না থাকায় দুর্ঘটনার ভয় বেড়ে গেছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেতুর অন্ধকার ছবি ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে পুলিশ তদন্ত শুরু করবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ইতোমধ্যেই সেতু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অচিরেই সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বহুল প্রতীক্ষিত এই সেতুটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন হাজারো মানুষ সেতুটি দেখতে ভিড় করছেন। তবে দর্শনার্থী ও স্থানীয়দের দাবি— সেতুটি যেন নিরাপদ এবং আলোকোজ্জ্বল পরিবেশে রাখা হয়।
আপনার মতামত লিখুন :