রাফি ইসলাম ।। কুড়িগ্রাম সদর
নারীদের দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়ন পরিষদে সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে নিবন্ধিত পরিবারের নারী সদস্য ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল বিষয় ছিল ‘Capacity Building Trainings for UPG/Alternative Livelihood IGA’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সাব-অ্যাসিস্ট্যান্ট মাহাবুব রহমান এবং ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মারিও মারডি। এ ছাড়া নিবন্ধিত পরিবারের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জীবিকায়ন উন্নয়ন, আয়বর্ধক কর্মকাণ্ড (IGA), বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি পরিবারের আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। একই সঙ্গে দারিদ্র্য বিমোচনেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং টেকসই জীবিকায়ন গড়ে তুলতে সহায়ক হবে।







