উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মণ্ডলেরহাট, বাকেরহাট ও উমানন্দ নামে নতুন তিনটি ইউনিয়ন গঠনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নের মাধ্যমে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
লিখিত প্রশ্নে সংসদ সদস্য বলেন, উলিপুর উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস। উপজেলার বিভিন্ন ইউনিয়নের আয়তন ও দূরত্ব বেশি হওয়ায় বিশেষ করে নারী, বয়স্ক ও অসচ্ছল মানুষকে মৌলিক নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয়। এ সমস্যা কমিয়ে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন তিনটি ইউনিয়ন গঠন প্রয়োজন।
প্রস্তাব অনুযায়ী, দুর্গাপুর, বুড়াবুড়ি ও হাতিয়া ইউনিয়নের একাংশ নিয়ে মণ্ডলেরহাট ইউনিয়ন, পৌরসভা এলাকার নির্দিষ্ট অংশ নিয়ে বাকেরহাট ইউনিয়ন এবং তবকপুর ও গুনাইগাছ ইউনিয়নের একাংশ নিয়ে উমানন্দ ইউনিয়ন গঠনের কথা বলা হয়েছে।
জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, নির্বাচনকালীন প্রস্তুতি ও ভোটার তালিকা হালনাগাদের কারণে ইউনিয়ন পুনর্গঠন ও বিভক্তকরণের কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।
এদিকে, সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী জানান, নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। এ কারণে বিষয়টি পুনরায় উত্থাপন করে তিনটি নতুন ইউনিয়ন গঠনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনটি ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৬৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০৬ জন।







