হামার কুড়িগ্রাম

উলিপুরে নতুন তিন ইউনিয়ন গঠনের প্রস্তাব সংসদে তুললেন এমপি সালেহী

উলিপুরে নতুন তিন ইউনিয়ন গঠনের প্রস্তাব সংসদে তুললেন এমপি সালেহী

জাতীয় সংসদে উলিপুরে নতুন তিনটি ইউনিয়ন গঠনের প্রস্তাব তুলে ধরেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মণ্ডলেরহাট, বাকেরহাট ও উমানন্দ নামে নতুন তিনটি ইউনিয়ন গঠনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নের মাধ্যমে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

লিখিত প্রশ্নে সংসদ সদস্য বলেন, উলিপুর উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস। উপজেলার বিভিন্ন ইউনিয়নের আয়তন ও দূরত্ব বেশি হওয়ায় বিশেষ করে নারী, বয়স্ক ও অসচ্ছল মানুষকে মৌলিক নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয়। এ সমস্যা কমিয়ে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন তিনটি ইউনিয়ন গঠন প্রয়োজন।

প্রস্তাব অনুযায়ী, দুর্গাপুর, বুড়াবুড়ি ও হাতিয়া ইউনিয়নের একাংশ নিয়ে মণ্ডলেরহাট ইউনিয়ন, পৌরসভা এলাকার নির্দিষ্ট অংশ নিয়ে বাকেরহাট ইউনিয়ন এবং তবকপুর ও গুনাইগাছ ইউনিয়নের একাংশ নিয়ে উমানন্দ ইউনিয়ন গঠনের কথা বলা হয়েছে।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, নির্বাচনকালীন প্রস্তুতি ও ভোটার তালিকা হালনাগাদের কারণে ইউনিয়ন পুনর্গঠন ও বিভক্তকরণের কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।

এদিকে, সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী জানান, নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। এ কারণে বিষয়টি পুনরায় উত্থাপন করে তিনটি নতুন ইউনিয়ন গঠনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনটি ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৬৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০৬ জন।

Exit mobile version