অনলাইন ডেস্ক:
২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসে জানানো হয়েছে। সে অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরুর দিন ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক জন্ম হবে।
আল জারওয়ানের মতে, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ১২ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে।
তবে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের পূর্বাভাসে ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। সংস্থাটির মতে, রোববার সূর্যাস্তের পর নতুন চাঁদ খালি চোখে বা প্রচলিত দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তবে উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক আলোকচিত্র প্রযুক্তি ব্যবহার করে সূর্যাস্তের আগেই চাঁদটি শনাক্ত করা যেতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, যেসব দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অথবা সেই হিসাবের ভিত্তিতে চাঁদ পর্যবেক্ষণকে গুরুত্ব দেয়, সেসব দেশে ১২ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে। অন্যদিকে, সূর্যাস্তের পর খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদ দেখার শর্ত অনুসরণ করা দেশগুলোতে মাসটি শুরু হতে পারে ১৩ অক্টোবর।
জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও বাংলাদেশে রোজা শুরুর চূড়ান্ত তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর নির্ভর করবে।






