উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ‘অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি-২০২৬’ প্রদান করা হয়েছে। এ বছর উপজেলার ছয়জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘অম্বিকা ফাউন্ডেশন’-এর উদ্যোগে অম্বিকা চরণ রায়ের পুত্র চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র রায় ও পৌত্র এনসিসি ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক রবীন্দ্রনাথ রায়ের আর্থিক সহযোগিতায় বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষকবৃন্দ, অম্বিকা চরণ রায়ের পৌত্র ও উলিপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দেবব্রত রায়, ‘ছোটনদী’র সম্পাদক ও লেখক-ইতিহাসবিদ আবু হেনা মুস্তফা এবং ঢেঁকিয়ারাম মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনালী সরকার উপস্থিত ছিলেন।
প্রফেসর নিখিল চন্দ্র রায় বলেন, বাবার স্মৃতি ধরে রাখতে ২০২০ সাল থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ বছর সপ্তমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রয়াত অম্বিকা চরণ রায় উলিপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছরেরও বেশি সময় শিক্ষকতা করেছেন। তিনি ব্রিটিশবিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৮৯ সালে তিনি মৃত্যুবরণ করেন।






