
নিউজ ডেস্ক
দীর্ঘ অপেক্ষা ও একাধিক তারিখ পরিবর্তনের পর অবশেষে আগামী ২০ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা-কুড়িগ্রামবাসীর বহু প্রত্যাশিত তিস্তা সেতু। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তারিখ নিশ্চিত করা হয়েছে।
প্রথমে উদ্বোধনের সময় নির্ধারণ করা হয়েছিল ২ আগস্ট, পরে তা পরিবর্তন করে ২৫ আগস্ট করা হয়। শেষ পর্যন্ত প্রস্তুতি ও সমন্বয়ের কারণে নতুন তারিখ এগিয়ে এনে ২০ আগস্ট চূড়ান্ত করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও এলজিইডি সব প্রস্তুতি সম্পন্ন করছে বলে জানানো হয়েছে।
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানিয়েছেন, তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতুটি গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করবে। উদ্বোধনের পরদিন থেকেই যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।
প্রায় ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্যের তিস্তা সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অন্যতম বৃহৎ অবকাঠামো। সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পিসি গার্ডারের নির্মাণে তৈরি এই সেতুতে রয়েছে ৩১টি স্প্যান। আধুনিক লাইটিং ও আকর্ষণীয় নকশার কারণে ইতিমধ্যেই এটি দর্শনার্থীদের নজর কাড়ছে।
সেতুর উভয়পাশে প্রায় সাড়ে ৩ কিলোমিটার স্থায়ী নদীশাসন এবং ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। এর ফলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও চিলমারীর সঙ্গে ঢাকার সড়কপথের দূরত্ব প্রায় ৪ ঘণ্টা কমে আসবে। একইসঙ্গে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ তিস্তা ওপারের জেলাগুলোর মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে।
২০১৪ সালের জানুয়ারিতে সেতুর ফলক উন্মোচন হলেও মূল নির্মাণ শুরু হয় ২০২১ সালে। ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি উদ্বোধনের পর দুই তীরের মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :