
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কামাত আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৩০ মার্চ) পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাধারণ জ্ঞান যাচাই করেন।
এ সময় তিনি ৫ম শ্রেণির শিক্ষার্থীদের কাছে জানতে চান, “২৬ মার্চ কী দিবস?” প্রশ্নের উত্তরে অধিকাংশ শিক্ষার্থী দ্বিধায় পড়ে এবং সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়। একই অবস্থা দেখা যায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যেও।
তবে ব্যতিক্রম ছিল ৩য় শ্রেণির শিক্ষার্থীরা। তারা অধিকাংশই সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়। এক শিক্ষার্থীর নেতৃত্বে তারা সমস্বরে সঠিক উত্তর প্রদান করে, যা উপস্থিতদের আশাবাদী করে তোলে। ওই শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্নের কথাও জানায়। তার স্বপ্ন পূরণে উৎসাহ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আখতারুল ইসলাম। তিনিও এ বিষয়টি পর্যবেক্ষণ করেন।
অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম ও মৌলিক জ্ঞানের উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়।
আপনার মতামত লিখুন :