
ডেস্ক নিউজ
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণ ও আধুনিকায়নের দাবি জোরালো হয়েছে। জেলার উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসকের মাধ্যমে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
আবেদনে বলা হয়, দীর্ঘদিনের রেল যোগাযোগের ইতিহাস থাকলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা ও আধুনিকায়নের অভাবে কুড়িগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
চার দফা প্রস্তাবের মধ্যে রয়েছে—কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-সোনাহাট রেললাইন পুনঃস্থাপন, ধরলা নদীর পাশে রেলসেতু নির্মাণ, কুড়িগ্রাম-চিলমারী-গাইবান্ধা হয়ে ঢাকার সঙ্গে বিকল্প রেল করিডোর চালু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বাড়াতে রেল সংযোগ জোরদার।
বিশেষ করে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেল সংযোগ চালু হলে ভারতের আসাম রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হবে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভুটানকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।
স্থানীয়রা জানান, উন্নত রেল যোগাযোগ চালু হলে জেলার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।
ব্যবসায়ী ও সচেতন মহল মনে করছেন, কুড়িগ্রামের উন্নয়নে রেল যোগাযোগের বিকল্প নেই এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
আপনার মতামত লিখুন :