
ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদরের টিএনটি এলাকায় ১৯ বছর পর আদালতের রায়ে উপজেলা আ.লীগের অফিস ও কয়েকটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে জায়গাটি প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
জানা যায়, প্রায় ১৯ বছর আগে উপজেলা শহরের টিএনটি এলাকায় মাফুজাল ইসলামের মালিকানাধীন ১৫ শতক জমি স্থানীয় রাবেয়া, মজিবুর ও মমিন উদ্দিন দখল করেন। অভিযোগ রয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে সেখানে দোকানঘর নির্মাণ করা হয় এবং পরবর্তীতে ওই স্থানে আওয়ামী লীগের অফিস স্থাপন করা হয়।
দখলকৃত জমি ফেরত পেতে ২০০৭ সালে মালিকপক্ষ কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সম্প্রতি কুড়িগ্রাম আদালতের সিনিয়র সিভিল সহকারী জজ মো. ফিরোজ কবির প্রকৃত মালিকদের পক্ষে রায় প্রদান করেন।
শনিবার আদালতের রায়ের ভিত্তিতে কুড়িগ্রাম কোর্টের নাজির মো. গোলাম রহমান ও কোর্ট পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ময়নুল হকের উপস্থিতিতে দখলকৃত জমির দোকানঘর ও আ.লীগ অফিস উচ্ছেদ করে মালিক মাফুজাল ইসলাম ও তার ওয়ারিশদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় অলি আহমেদ, বকুল মিয়া, করিয়উল ও মোকছেদুল বলেন, “১৯ বছর আইনি লড়াই শেষে আমরা আমাদের পৈতৃক জমি ফেরত পেয়েছি।”
রৌমারী থানার ওসি কাওসার আলী জানান, আদালত কমিশনের মাধ্যমে উচ্ছেদের বিষয়ে থানাকে অবহিত করা হয়। আদালতের নাজির ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেন।
আপনার মতামত লিখুন :