শাহজাহান খন্দকার ।। উলিপুর
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে হাত ধোয়া প্রসংগে উদ্বুদ্ধ করা হয় ।

পরে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়ার প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দৈনন্দিন জীবনে সাবান দিয়ে নিয়মিতভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “সঠিক নিয়মে হাত ধোয়া সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। সচেতনতা বাড়াতে পরিবার ও সমাজের সবাইকে হাত ধোয়ার অভ্যাসে উৎসাহিত করতে হবে।”
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়ার সঠিক নিয়ম নিয়ে প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।






