সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন /
সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ডেস্ক নিউজ


কুড়িগ্রামের চিলমারীতে একটি সেতু নির্মাণকাজে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ জানুয়ারি) দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল উপজেলার পাত্রখাতা এলাকায় তিস্তা খালের ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে।

দুদক সূত্রে জানা যায়, সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ একাধিক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দুদকের কর্মকর্তাদের সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) একজন নিরপেক্ষ প্রকৌশলী উপস্থিত ছিলেন। এ সময় এলজিইডির দায়িত্বরত প্রকৌশলী জুলফিকার আলি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল মান্নানের উপস্থিতিতে সেতুর বিভিন্ন অংশ পরিমাপ করা হয়। বিশেষ করে সেতুর ব্লক, অ্যাপ্রোচ রোড এবং হেরিং বন্ডে ব্যবহৃত ইটের মান যাচাই করা হয়।

দুদকের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম জানান, ব্রিজের ব্লক ও অ্যাপ্রোচ রোডে ব্যবহৃত ইট অত্যন্ত নিম্নমানের। সংগৃহীত নমুনাগুলো ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে। ল্যাব রিপোর্ট এবং নিরপেক্ষ প্রকৌশলীর পর্যবেক্ষণের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

তিনি আরও বলেন, প্রতিবেদনে কোনো অনিয়ম বা আর্থিক দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।