ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষ্ণপদ রায় নামে একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৬ আগস্ট) উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কিসামত পুনকর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতের ভাবি স্বপ্না রানী বাদী হয়ে ভবতরন রায়, নারায়ণ চন্দ্র, নিমাই চন্দ্র, উত্তম চন্দ্রসহ ১২ জনের বিরুদ্ধে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই বিবাদীরা সরকারি রাস্তার পাশের কয়েকটি গাছ বিক্রি করেন। নিয়মবহির্ভূতভাবে সরকারি গাছ কাটার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে কৃষ্ণপদ রায়ের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”






