শহীদ জিয়াউর রহমানের ৮০’র দশকের ছবি স্মৃতি আঁকড়ে রেখেছেন যুবদলের কর্মী লিটা


hamarkur6 প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন /
শহীদ জিয়াউর রহমানের ৮০’র দশকের ছবি স্মৃতি আঁকড়ে রেখেছেন যুবদলের কর্মী লিটা

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অন্যতম সদস্য মোঃ লিটন শেখ লিটা ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করেছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০’র দশকের একটি বিরল ছবি তিনি নিজ খরচে সংরক্ষণ করে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে টানিয়ে রেখেছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত লিটা তার রাজনৈতিক জীবনের সূচনা করেন ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে। পরবর্তীতে তিনি যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই তার রাজনীতিতে আগমন। সেই আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তিনি ৮০’র দশকের এই ঐতিহাসিক ছবিটি দীর্ঘদিন ধরে নিজের কাছে সংরক্ষণ করে আসছেন এবং এখন তা জনসমক্ষে প্রদর্শন করছেন।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন লিটা। জানা যায়, তিনি ১৮ বার কারাবরণ করেছেন এবং ২ বার রাজনৈতিক মামলায় রিমান্ডেও নেওয়া হয়েছে। এছাড়া রাজধানী ঢাকায় বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণকালে তিনি মারধরের শিকার হন।

তবে এসব প্রতিকূলতা তার রাজনৈতিক পথচলাকে থামাতে পারেনি। বরং তিনি আরও দৃঢ় প্রত্যয়ে রাজপথে সক্রিয় রয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, তার এই উদ্যোগ ও ত্যাগ-তিতিক্ষা দলীয় কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।