রৌমারী সীমান্তে পতাকা বৈঠক: বাংলাদেশি নারীকে বিজিবির কাছে হস্তান্তর


hamarkur6 প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন /
রৌমারী সীমান্তে পতাকা বৈঠক: বাংলাদেশি নারীকে বিজিবির কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাবাজার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি নারীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

শনিবার (৭ মার্চ) বিকেলে রৌমারীর বাংলাবাজার সীমান্তে আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ১০৬৫-এর কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে মোছা. ঝর্ণা বেগম (৩৬) নামে ওই বাংলাদেশি নারীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ঝর্ণা বেগম মুলাদী উপজেলার আবুপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বজলু সরদার ও মায়ের নাম মাকসুদা বেগম। জীবিকার সন্ধানে গত ১ মার্চ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তিনি ভারতে প্রবেশ করেন।

পরবর্তীতে ভারতের বোঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। পরে ভারতীয় পুলিশ তাকে শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করে।

পরে বিএসএফের উদ্যোগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে ফিরিয়ে দেওয়া হয়।

রৌমারী বাংলাবাজার বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নিজাম উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে ওই নারীকে রৌমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।