Site icon হামার কুড়িগ্রাম

রাতের আঁধারে সরকারি সড়ক ও হাটের শেড দখল করে ঘর নির্মাণের অভিযোগ 

কবির চৌধুরী ।। চিলমারী

চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর বাজারের পশ্চিম গলিতে রাতের আঁধারে সরকারি সড়ক ও হাটের শেড দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, কালাম নামের স্থানীয় এক বাসিন্দা প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে রাস্তা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করছেন। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডাঠিয়ার চর বাজার কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, ১২ বছর আগে এলাকাবাসীর সহযোগিতায় ডাটিয়ারচর বাজার গড়ে তোলা হয় এবং তখন জমির চারদিকে সীমানাপ্রাচীরও নির্মাণ করা হয়েছিল। সেই সময় কালামও উপস্থিত ছিলেন। কিন্তু এত দিন পর এসে তিনি রাস্তা দখল করে ঘর তুলছেন। আজিজুর বলেন, যদি তার সত্যিই জমি থাকে, তাহলে নিয়ম মেনে নির্মাণ করুক।

আর যদি জমি না থাকে, তাহলে অবৈধভাবে তা দখলে নেওয়ার কোনো অধিকার তার নেই। এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, ইউনিয়ন পরিষদের জমি অবৈধ দখলের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢুষমারা থানাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অভিযুক্ত কালাম মিয়া বলেন, ‘আমি সরকারি জায়গা দখল করিনি। বরং আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানসহ কয়েকজন জোর করে আমার জায়গা দখল করে বাজার ও সেট বানিয়েছে। আমার জায়গায় আমি ঘর তুলছি, এখানে দখল করলাম কই। উল্টো ওরাইতো দখল করছে।’

ঢুষমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, থানায় অভিযোগ পেয়ে এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি।এলাকাবাসী স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছে। যেহেতু জমিজমার ব্যাপার। তাই সমাধান না হলে আদালতে মামলার পরামর্শ দেওয়া হয়েছে।

Exit mobile version