
রতন কুমার রায় ।। রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে ধাক্কা খেয়ে পড়ে এক ষাটোর্ধ্ব ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মধু চন্দ্র শীল (৬২)। তিনি নাপিতপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবেশী আবেদ আলীর পরিবারের সঙ্গে মধু শীলের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ বাড়ির সামনে সীমানায় গাছ লাগাতে গেলে প্রতিপক্ষ আশরাফ আলী বাধা দেন। একপর্যায়ে আবেদ আলী গাছ উপড়ে ফেলেন।
এ সময় বাকবিতণ্ডা চরমে পৌঁছালে আশরাফ আলী, তার স্ত্রী লাকি বেগমসহ কয়েকজন মিলে মধু শীলকে ধাক্কা ও ধস্তাধস্তি করেন। এতে তিনি পাশের নলকূপের গোড়ায় থাকা পাকা প্লাস্টারের ওপর পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে গ্রামবাসী তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে। এ সময় প্রধান আসামি আশরাফ আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের স্ত্রী ও ছেলে পলাশ শীল ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন, “অনেকের কাছ থেকেই ধাক্কা দেওয়ার বিষয়টি শুনেছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের জমি বিরোধের শান্তিপূর্ণ সমাধান না হওয়ায় এমন মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :