
মোঃ মাইদুল ইসলাম , ভূরুঙ্গামারী প্রতিনিধি
রমজান মাস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রির দায়ে তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে ভূরুঙ্গামারী উপজেলার জামতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে নিম্নমানের খেজুর বিক্রির দায়ে মায়ের দোয়া ফল ভান্ডার, মেসার্স মহামায়া ফল ভান্ডার ও আল্লাহর দান ফল ভান্ডার—এই তিনটি প্রতিষ্ঠানকে দেড় হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে নিম্নমানের খেজুরগুলো ধ্বংস করার নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত এসময় ইফতার সামগ্রীর বিভিন্ন দোকানও পরিদর্শন করেন। রমজান মাসে জনসাধারণের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, “রমজান মাসে মানুষের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ইফতার সামগ্রী ও ফলের দোকানে অভিযান চালানো হয়েছে। মানহীন খেজুর বিক্রি করার দায়ে তিনজন ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, রমজান মাসে খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত হলে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে।
আপনার মতামত লিখুন :