বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ আহত ১৮

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

রংপুরের মিঠাপুকুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী কোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ মাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে মোজাফফর হোসেন (৩৫)।

বড়দরগা হাইওয়ে পুলিশের এসএসআই মোয়াজ্জেম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী কোচ (ঢাকা মেট্রো-ব-১৩১৯২৫) মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৩৬৬২৮) পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ১১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের সরদার রুমের দায়িত্বে থাকা আব্দুল জলিল জানান, মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ ওয়ার্ড থেকে সরদার রুমে নেওয়া হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. গোপাল চন্দ্র বর্মন জানান, দুর্ঘটনায় আহত ১০ জনের বেশি রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুর্গাচরণ এলাকার মোহাম্মদ আলীর ছেলে নজরুল (৩৬), কুঠিপাড়া গ্রামের দুখু মিয়ার স্ত্রী লিপি বেগম (৫০), ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের জহুর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৭) ও আয়েশা খাতুন (৭)। এ ছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার হাজিপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী দুলালী বেগম (৪৪) এবং রংপুরের পীরগাছা উপজেলার পূর্ব হাগুলিয়া গ্রামের মহসিন আলীর স্ত্রী বুলবুলি বেগম শাহীনা (৪০) চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন লালমনিরহাটের পূর্ব আমবাড়ি গ্রামের ফারুক হোসেন (৩২) এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার মহাদেব এলাকার রফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম আপেল (২২)। এ ছাড়া নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন লালমনিরহাটের বড়বাড়ি এলাকার ফারুক (৩০)।

চিকিৎসাধীন বুলবুলি বেগম শাহীনা অভিযোগ করে বলেন, ভোরে হাসপাতালে আনা হলেও সকাল ৯টার পর চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। অনেকের ব্যান্ডেজ তখনো করা হয়নি। চিকিৎসক বা নার্সের উপস্থিতি নিয়েও তিনি অভিযোগ করেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ছয় লেনের মহাসড়কটিতে বিভিন্ন স্থানে ট্রাকসহ নানা যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তবে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি তাঁদের।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সীমিত জনবল নিয়েই মহাসড়কের নির্ধারিত স্থানের বাইরে যানবাহন পার্কিং বন্ধে চেষ্টা চালানো হয়। অনেক সময় যানবাহন বিকল হয়ে যাওয়ায় সড়কে দাঁড়িয়ে থাকে। এ ক্ষেত্রে সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার নিয়ম থাকলেও অনেকে তা মানেন না। এ ছাড়া অতিরিক্ত গতিতে এবং ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণেও এ ধরনের দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]