ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া গেছে অটোচালক মোঃ আল-আমিন ওরফে রনজুকে। পরিবারের অভিযোগ, অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যরা তাকে অচেতন করে অটোরিকশা নিয়ে যেতে পারে। তবে তার ব্যবহৃত নীল রঙের অটোরিকশাটির এখনও কোনো সন্ধান মেলেনি।
আল-আমিন ওরফে রনজু ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামের বাসিন্দা। তার বাবা আলম হোসেন। তিনি ‘ভাই ভাই ব্যাটারি হাউস’-এর একটি নীল রঙের অটোরিকশা চালাতেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রনজুর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৩১৫১৫৭৯৮০ থেকে পরিবারের সদস্যদের কাছে ফোন আসে। অপরিচিত এক ব্যক্তি ফোন করে জানান, অটোরিকশাটি উলিপুর রোডে নেওয়া হয়েছে। এরপর থেকেই রনজুর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তাদের অভিযোগ, ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে উলিপুর রোড এলাকায় অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যরা রনজুকে অচেতন করে তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে যেতে পারে।
পরে রনজুর নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পরিবার।
তবে রনজুর চালানো নীল রঙের অটোরিকশাটির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
পরিবারের দাবি, দ্রুত অটোরিকশাটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
অটোরিকশাটির সন্ধান বা এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৭২৮-৬১৬২৩৩
📞 ০১৩৩১-৬৭১৪৭০






