নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও পলিথিনে মোড়ানো সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন রামখানা বিওপির পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র ও মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিশেষ টহল জোরদার করা হয়। এ সময় পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক থেকে আসা কয়েকজন চোরাকারবারি তাদের বহন করা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘদিন ধরে সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালানের বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চলছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার করা পদার্থটি প্রকৃত ক্রিস্টাল মেথ আইস কি না, তা ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। কারণ অনেক ক্ষেত্রে এ ধরনের মাদকে নিম্নমানের উপাদান থাকতে পারে, আবার প্রকৃত ক্রিস্টাল মেথও থাকতে পারে।
বিজিবি কর্মকর্তা জানান, সীমান্তে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।






