
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুর রহমান সরকার (স্বপন) দীর্ঘ ৩১ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসরজনিত ছুটিতে গেছেন। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে সহকর্মী শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে তাঁর দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, শিক্ষকতা জীবনে মো. আজিজুর রহমান সরকার ছিলেন একজন নিষ্ঠাবান, সৎ ও ন্যায়পরায়ণ শিক্ষাগুরু। দল-মত ও ধর্ম নির্বিশেষে সকলের সঙ্গে সমান আচরণ এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী হওয়ায় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিশেষ সম্মান ও ভালোবাসা অর্জন করেছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, ভূরুঙ্গামারী কলেজ প্রতিষ্ঠায় তাঁর পরিবারের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। তাঁর দাদা আলহাজ এফাজ উদ্দীন সরকার কলেজটির জন্য প্রায় ৯ বিঘা জমি দান করেন। সেই ধারাবাহিকতায় মো. আজিজুর রহমান সরকার দীর্ঘ ৩১ বছর ধরে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসেন।
উল্লেখ্য, ২০১৮ সালে কলেজটি সরকারিকরণের ঘোষণা দেওয়া হলেও দীর্ঘ সময়েও এর পূর্ণ বাস্তবায়ন না হলেও তিনি নিরলসভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে গেছেন।
বিদায় অনুষ্ঠানের শেষপর্বে বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর-পরবর্তী জীবনের মঙ্গল কামনা করেন। পাশাপাশি আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন—তিনি যেন আজীবন ইনসাফ, ন্যায়বোধ ও মানবকল্যাণের পথে অবিচল থাকতে পারেন।
আপনার মতামত লিখুন :