ভূরুঙ্গামারীতে প্রধান সড়কের মাঝখানে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে বিদ্যুতের খুঁটি


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে প্রধান সড়কের মাঝখানে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে বিদ্যুতের খুঁটি

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজার থেকে থানা ঘাট পর্যন্ত প্রধান সড়কের মাঝামাঝি স্থানে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে একটি বিদ্যুতের খুঁটি।

খুঁটির পাশের রাস্তার একপাশ ধসে পড়ে তৈরি হয়েছে বড় একটি গর্ত, ফলে ওই অংশ দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, ধসে যাওয়া অংশে বালুর বস্তা ফেলে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা করা হলেও তা টেকসই হয়নি। বর্ষার পানিতে মাটি ক্রমাগত ভেঙে পড়ছে, ফলে সড়কের প্রস্থ কমে গিয়ে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা লিটন মিয়া বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। খুঁটি রাস্তার মাঝখানে থাকায় রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চালানো অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। পাশের অংশ ধসে পড়ায় রাস্তা আরও সরু হয়ে গেছে।”

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার ইউনিয়ন পরিষদ ও বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, “আমরা বিষয়টি জানি। বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হয়েছে, তবে এখনো খুঁটি সরানো হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হবে।”