ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল


hamarkur6 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনে প্রচারণার শেষ দিনে ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামের জনসভায় জনতার ঢল নেমেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জনসভায় যোগ দেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত ছিল পুরো এলাকা।

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমীর আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা আমীর মাওলানা রুহুল আমিন হামিদীর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবির সভাপতি আসিফ আব্দুল্লাহ এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন।

এছাড়া আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন, ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান, কচাকাটা থানা আমীর মাওলানা এনামুল হক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লায় একটি ভোট এবং গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে আমাদের জয়যুক্ত করার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”

প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হবে। ১৮ কোটি মানুষের প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও গুণ্ডামি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে—ইনশাআল্লাহ। এই গণজোয়ার ১১ দলীয় জোটের প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করে কুড়িগ্রাম-১ আসনে একটি পরিবর্তনের সূচনা করবে।”

জনসভায় কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, নির্বাচনী গান ও ধারাবাহিক বক্তৃতার মধ্য দিয়ে শেষ দিনের প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে ভূরুঙ্গামারীতে নির্বাচনী আমেজ আরও তীব্র হয়ে ওঠে।