
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে রেদওয়ান (২০) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রেদওয়ান উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের নুরু ইসলাম কামারের ছেলে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে। সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত রেদওয়ানের মা জানান, “আমার ছেলে রেদওয়ান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে। আমরা তার চিকিৎসা করাচ্ছি। আজ দুপুরে সে আমার কাছে ঢাকা যাওয়ার জন্য টাকা চায়। আমি দিতে না পারায় রাগে শোকেসে থাকা জিনিসপত্র ছুড়ে ফেলে দেয়। সেখানে একটি কোরআন শরীফ ছিল, সে বুঝতে পারেনি।”
তিনি আরও বলেন, “সন্ধ্যায় রেদওয়ান বাজারে গেলে কিছু লোক বিষয়টি জানতে চায়। তখন আমার ছেলে বলে, মা টাকা দেয় না, বিয়েও দেয় না। এরপর অনেকে তাকে মারপিট করে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ এসে আমার ছেলেকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে।”
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রবিউল ইসলাম জানান, “ছেলেটিকে কিছুটা মারপিট করা হয়েছে, তবে বড় ধরনের আঘাতের চিহ্ন নেই। আগের চিকিৎসা পত্রে মানসিক রোগের ওষুধের প্রেসক্রিপশন পাওয়া গেছে।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “বর্তমানে অভিযুক্ত রেদওয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :