এ কেমন শত্রুতা, ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে নষ্ট করা হলো ৮ বিঘা ধানক্ষেত


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ২:৩৬ পূর্বাহ্ন /
এ কেমন শত্রুতা, ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে নষ্ট করা হলো ৮ বিঘা ধানক্ষেত

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে ট্রাক্টর চালিয়ে প্রায় ৮ বিঘা রোপা ধানক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আব্দুল মান্নান বাদী হয়ে ২৫ জনকে বিবাদী করে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান গং ও মুক্তিযোদ্ধা আবু ইব্রাহীম মাস্টারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান। তারা পরস্পর আত্মীয় সম্পর্কিত। গত মঙ্গলবার বিবাদীয় জমির একটি মাসকলাই ক্ষেত গরু দিয়ে নষ্ট করে ফেলার অভিযোগ ওঠে।

এ ঘটনায় মান্নান থানায় মামলা করতে গেলে থানার এক উপ-পরিদর্শক (এসআই) তাকে স্থানীয় এক সাবেক বিএনপি নেতার সঙ্গে দেখা করিয়ে দেন। ওই নেতা আশ্বাস দেন যে, ১৫ অক্টোবরের মধ্যে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হবে। পুলিশের ও স্থানীয় নেতার আশ্বাসে মান্নান সেদিন মামলা না করে বাড়ি ফিরে যান।

কিন্তু পরদিন ৮ অক্টোবর সকালে প্রতিপক্ষ গোষ্ঠী প্রকাশ্যে ট্রাক্টর চালিয়ে প্রায় ৮ বিঘা জমির রোপা ধান নষ্ট করে ফেলে। পরে মান্নান তাৎক্ষণিকভাবে অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন রাতে আনুষ্ঠানিকভাবে মামলা রুজু হয়। তবে এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি, ফলে বাদীপক্ষ আতঙ্কে রয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “সালিশের ব্যাপারে আমি অবগত ছিলাম না। এর আগে উভয়পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত ১৪৪ ধারা জারি করেছিল। পুলিশ ১৫৪ ধারায় নোটিশ দিয়ে উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়েছিল।”

তিনি আরও জানান, “মান্নান পক্ষের অভিযোগ ছাড়াও ইব্রাহীম পক্ষও ভূমি অপরাধ প্রতিকার আইনে মামলা করেছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।”