
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কোডিন ফসফেটযুক্ত স্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় অপর এক আসামী পলাতক রয়েছে।
সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর (মঙ্গলবার) ভূরুঙ্গামারী থানাধীন শিংঝাড় নয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামী মোঃ জহুরুল ইসলাম (৪২)-এর নিজ দখলীয় ও নিয়ন্ত্রণাধীন বসতবাড়ির আঙ্গিনায় দণ্ডায়মান অবস্থায় আসামী মোঃ মফিজুল ইসলাম (৩৮)-কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে কোমরের নিচে গামছা দিয়ে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় কোডিন ফসফেটযুক্ত স্কাফ নামীয় সিরাপ ৮ বোতল উদ্ধার করা হয়।
অভিযানকালে আরও তল্লাশি চালিয়ে আসামী জহুরুলের দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী টিনের ছাউনি ও টিনের বেড়াযুক্ত শয়নঘরের ভেতর পূর্ব পাশের একটি খাটের তোষকের নিচ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিন প্যাকেটে রাখা মিথাইল অ্যামফিটামিন যুক্ত কমলা রঙের ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৩.৫ গ্রাম।
জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে, ১০০ মিলি করে মোট ৮০০ মিলি স্কাফ সিরাপ এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১৮ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ মফিজুল ইসলাম (৩৮), পিতা মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে বিহারী, সাং শিংঝাড় বড়খাটামারী (মধ্যপাড়া), ওয়ার্ড নং ০৬। অপরদিকে পলাতক আসামী মোঃ জহুরুল ইসলাম (৪২), পিতা মৃত আবুল কাশেম, সাং শিংঝাড় নয়াপাড়া, ওয়ার্ড নং ০৯। উভয়ের ইউনিয়ন জয়মনিরহাট, থানা ভূরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :