ভুরুঙ্গামারীতে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইমাম-আলেমদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন /
ভুরুঙ্গামারীতে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইমাম-আলেমদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ইমাম ও আলেম-ওলামাগণের সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, খতিব আশফাকুর রহমান, খতিব হাবিল উদ্দিন, বাউসমারী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছাবেদ আলী, হাফেজ মাওলানা নুরুল ইসলামসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ওবায়দুল হক।

সভায় বক্তারা মসজিদের খুতবায় খতিবদের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে মুসল্লীদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান। বিশেষ করে ভোটারদের সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া ভোটগ্রহণ যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়।