
মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর বুকে জেগে ওঠা প্রত্যন্ত চরাঞ্চলের চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদাকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী অধ্যাপক নাজমুন্নাহার বিউটি, জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বিদ্যালয়ের সভাপতি ও চিলমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ ফজলুল হক, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম কাজী এবং উপজেলা মহিলা দলের নেত্রী শাহনাজ সুলতানা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, জেলার প্রায় সাড়ে চার শতাধিক চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এখনো পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। নদীভাঙন, খরা ও বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল হলেও প্রতিকূলতার মধ্যেও এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠান শেষে কুড়িগ্রাম চর উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :