Site icon হামার কুড়িগ্রাম

বৃষ্টির মধ্যে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে অটোচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বৃষ্টির মধ্যে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকার মজাই ডাঙায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামালের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক (অটোরিকশা) চালক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে চিলমারী এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বাড়ির পাশের একটি পুকুরে মাছ দেখতে ও ধরতে যান রফিকুল ইসলাম। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে বৃষ্টি কমে এলে স্থানীয় লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version