
হামার কুড়িগ্রাম ডেস্ক নিউজ
সবুজে ভরিয়ে তুলতে ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ফিনিক্স আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫। দিনব্যাপী এ কর্মসূচির আওতায় বুড়া-বুড়ি ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বুড়া-বুড়ি উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী। তিনি বলেন, “আজকের এই বৃক্ষরোপণ ভবিষ্যতে আমাদের প্রজন্মকে সুরক্ষা দেবে। এ ধরনের উদ্যোগ আমাদের সবারই নেওয়া উচিত।”
সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, ফিনিক্স সবসময় সমাজের উন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ করছে। বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি গোলাম রাব্বি, সদস্য আলমগীর হোসেন ও ক্রীড়া সম্পাদক রুহান চৌধুরী। তাদের উপস্থিতি ও উৎসাহ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।
দিনব্যাপী কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চারা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন, গাছগুলো যত্নসহকারে লালন-পালন করবেন। স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু পরিবেশ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :