
ডেস্ক নিউজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিএনপি ও অঙ্গসংগঠনে সক্রিয় থাকলেও সবশেষে দলীয় আদর্শের বিচ্যুতি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইঞ্জি. মো. আবু সাঈদ (জনী)।
শনিবার এক বিবৃতিতে তিনি জানান, ১৯৯৯ থেকে ২০০৯ পর্যন্ত ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন এবং ২০১০ থেকে ২০২৫ পর্যন্ত জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করলেও বর্তমানে তার কাছে মনে হচ্ছে—“জিয়াউর রহমানের আদর্শ কেবল মুখে উচ্চারিত হয়, অন্তরে ধারণ করা হয় না।”
এই অবস্থায় তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
ইঞ্জি. জনী আরও বলেন, রাজনীতি থেকে সরে দাঁড়ালেও তিনি তার এলাকায়—কুড়িগ্রামের উলিপুর উপজেলায়—সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবেন। তিনি জানান, বহু বছর ধরে নিজের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই সেবামূলক কার্যক্রম বিস্তৃত করবেন।
তিনি বলেন, “পরিবর্তিত বাংলাদেশে নতুন ধারার রাজনীতিতে সুযোগ পেলে বৃহত্তর পরিসরে দেশের মানুষের জন্য কাজ করতে চাই। বিশেষ করে এলাকার গরিব-দুঃখী অসহায় মানুষের পাশে আরও শক্তভাবে দাঁড়ানোর ইচ্ছা রাখি।”
তার পরিবারের জন্য দোয়া ও সমর্থন কামনা করে তিনি বিবৃতির শেষ করেন।
আপনার মতামত লিখুন :