বিপুল মিয়া, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সুমাইয়া উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাঘখাওয়ার গ্রামের চর ধনিরাম এলাকার রহিজ আলীর মেয়ে। সে চর ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিদ্যালয় ছুটির পর সুমাইয়া সহপাঠী ও বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের ধরলা নদীতে গোসল করতে যায়। গোসল শেষে অন্যরা বাড়ি ফিরে গেলেও সে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
ফুলবাড়ী থানার সেকেন্ড অফিসার শাহ আলমও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
