
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাসহ জাকির হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) অটোরিকশার মালিক চুরির অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করে।
গ্রেফতার জাকির হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের বাসিন্দা এবং তিনি ওই এলাকার হাশেম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী এলাকায় সাইফুর রহমান সরকারি কলেজ সংলগ্ন সড়কে চুরি হওয়া অটোরিকশাসহ জাকিরকে স্থানীয়রা আটক করে।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জনতার হাত থেকে গ্রহণ করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “চুরির মামলায় অভিযুক্ত যুবককে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
আপনার মতামত লিখুন :