হুমায়ুন কবীর সূর্য
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়কের দুই পাশে গাছে গাছে সচেতনতামূলক বার্তা টাঙিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিছবাহুল ইসলাম মুগ্ধ। প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে তার হাতে লেখা এসব বার্তা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।
ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের শাহবাজার এলাকার ঘোগারকুটি গ্রামের একটি সড়কের গাছগুলোতে দেখা যাচ্ছে ছোট ছোট কাগজে লেখা নানা সচেতনতামূলক বার্তা। এর মধ্যে রয়েছে—‘অকারণে গাছ কাটব না’, ‘পাখি আমাদের বন্ধু’, ‘মোড়ে গতি কমান, জীবন বাঁচান’ এবং ‘মাদককে না বলুন’।
স্থানীয় উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুগ্ধ। পড়াশোনার পাশাপাশি সমাজ ও পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভালোবাসে সে। অবসর সময়ে কাগজ, রঙ ও তুলির মাধ্যমে নিজের ভাবনা প্রকাশ করে মুগ্ধ।
শিক্ষকদের কাছ থেকে সুন্দর হাতের লেখা ও ছবি আঁকার প্রশিক্ষণ নিয়ে সেই দক্ষতাকেই এবার সামাজিক সচেতনতামূলক কাজে ব্যবহার করছে সে। তার এই উদ্যোগে সহপাঠী ও স্বজনরাও উৎসাহ ও সহযোগিতা করছেন।
স্থানীয় পথচারী ও জ্যেষ্ঠ নাগরিকরা মুগ্ধর উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, বয়সে ছোট হলেও গাছ রক্ষা, পাখির প্রতি ভালোবাসা, নিরাপদ সড়ক ও মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মুগ্ধ সমাজের প্রতি সচেতনতার পরিচয় দিয়েছে।
মুগ্ধর বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই তার মধ্যে সৃজনশীল চিন্তা ও ভালো কাজের প্রতি আগ্রহ রয়েছে। শ্রেণিকক্ষে শেখা বিভিন্ন নীতিশিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করে সে।
মুগ্ধর এই উদ্যোগ ঘোগারকুটি গ্রাম ছাড়িয়ে আশপাশের এলাকাতেও প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, শিশুদের মধ্যে এ ধরনের সামাজিক ও পরিবেশ সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে তারা সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
