হামার কুড়িগ্রাম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ উচ্চপর্যায়ের সভার আয়োজন করা হয়। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা, সচিব এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নির্বাচনের আগেই দেশবাসীর কাছে সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। পাশাপাশি পরিকল্পনাটির বিভিন্ন দিক পর্যালোচনার জন্য আট সদস্যবিশিষ্ট আরও একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওই কমিটি তাদের সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে বলে আশা প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী।

Exit mobile version