বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

পাসওয়ার্ডের জিম্মিতে কুড়িগ্রাম হাসপাতালের আধুনিক চিকিৎসাসেবা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কোটি কোটি টাকা মূল্যের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছয় থেকে সাত বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রগুলোর ‘পাসওয়ার্ড’ না পাওয়ায় সেগুলো চালু করা সম্ভব হচ্ছে না। তবে বিস্ময়করভাবে, এসব যন্ত্র সচল এবং রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে—এমন প্রত্যয়ন দিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠানের কোটি টাকার বিল পরিশোধের সুপারিশ করা হয়েছে। অবশিষ্ট বিল ছাড় করাতেও এখনো বিভিন্ন পর্যায়ে তদবির চলছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে হাসপাতালের নতুন আটতলা ভবনের অপারেশন থিয়েটার (ওটি) কমপ্লেক্সসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখা যায়, ধুলায় ঢেকে পড়ে আছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম। কোনোটি বাক্সবন্দি, আবার কোনোটি স্থাপন করা হলেও বছরের পর বছর ব্যবহার হয়নি। অচল অবস্থায় থাকা যন্ত্রগুলোর মধ্যে রয়েছে ইকো ও ইটিটি মেশিন, পোর্টেবল এক্স-রে, এন্ডোস্কপি, ডায়াথার্মি, ইনফিউশন পাম্প, সিরিঞ্জ পাম্প, ডেফিব্রিলেটর, পালস অক্সিমিটার, মেজর অর্থোপেডিক সেট, আর্থোস্কোপ ও ডপলার হার্ট ডিটেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম।

বিজ্ঞাপন

অনুসন্ধানে প্রাপ্ত নথি অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে জনস্বাস্থ্য ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় ৩২ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ১৯৩টি চিকিৎসা সরঞ্জাম কেনা হয়। সরঞ্জাম সরবরাহের দায়িত্ব পায় মেসার্স মাইক্রো ট্রেডার্স ও হারামান এন্টারপ্রাইজ। ২০১৯ সালের ১৯ মার্চ গঠিত সার্ভে কমিটি সরঞ্জাম গ্রহণের পর হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট অপারেশনাল প্ল্যান থেকে ১২ কোটি টাকা বরাদ্দ আসে। পরে ১৭২টি সরঞ্জামের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১১ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করা হয়।

তবে যেসব যন্ত্রের বড় অংশ কখনো চালুই হয়নি, সেগুলো ২০২৫ সালের ১২ জুন তৎকালীন হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ সচল ও রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে—এমন প্রত্যয়ন দিয়ে অবশিষ্ট বিল পরিশোধের সুপারিশ করেন। বিষয়টি সামনে আসার পর ২০২৫ সালের ১৯ আগস্ট সরঞ্জাম যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি পরিদর্শন কমিটি গঠন করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এতে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, টেন্ডার প্রক্রিয়ায় বিশেষ সুবিধা দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছিল এবং সে সময়ের বাজারদরের তুলনায় বেশি দামে যন্ত্রপাতি কেনা হয়েছে। এছাড়া অবশিষ্ট বিল আদায়ে হাসপাতাল, বিভাগীয় কার্যালয়, অধিদপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো বিভিন্ন পর্যায়ে তদবির চলছে বলেও অভিযোগ রয়েছে।

হাসপাতালের একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এসি ও ফ্রিজের মতো কয়েকটি সরঞ্জাম ব্যবহার হলেও ইকো-ইটিটি, পোর্টেবল এক্স-রে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্র স্থাপনের পর আর চালু করা হয়নি। এরপরও কীভাবে সেগুলো সচল দেখিয়ে বিলের সুপারিশ করা হয়েছে, তা তাদের কাছেও বোধগম্য নয়।

অচল যন্ত্রপাতির সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে সাধারণ রোগীদের। সরকারি হাসপাতালে যেখানে ইকো পরীক্ষার ফি ২০০ টাকা এবং ইটিটি পরীক্ষার ফি ৮০০ টাকা হওয়ার কথা, সেখানে সেবা না পাওয়ায় রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ইকোর জন্য এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা এবং ইটিটির জন্য আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে।

হাসপাতাল সংশ্লিষ্টদের অভিযোগ, সাবেক কয়েকজন কর্মকর্তার নিজস্ব বা অংশীদারত্বে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থাকায় হাসপাতালের এসব আধুনিক যন্ত্র চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

চিলমারী থেকে চিকিৎসা নিতে আসা রবিউল ইসলাম বলেন, “সরকার চিকিৎসার জন্য এত কিছু দিয়েছে, কিন্তু আমরা সেই সুবিধা পাই না। পরীক্ষা করতে বাইরে যেতে হয়। আমরা গরিব মানুষ, ধারদেনা করে পরীক্ষা করাতে হয়।”

এ বিষয়ে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরে নেওয়াজ আহমেদ বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান বকেয়া বিল না পাওয়ায় যন্ত্রপাতির পাসওয়ার্ড দিচ্ছে না। সাবেক কর্মকর্তাদের গাফিলতির কারণে জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত যন্ত্রপাতি চালুর চেষ্টা চলছে।”

ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত, পরিদর্শন কমিটির প্রতিবেদন প্রকাশ এবং দীর্ঘদিন অচল থাকা চিকিৎসা সরঞ্জাম দ্রুত চালুর দাবি জানিয়েছেন সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]