Site icon হামার কুড়িগ্রাম

নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ভুরুঙ্গামারীর মেহেদী হাসান মিঠু

অনলাইন নিউজ ডেস্ক

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। এ সফরের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ফুটবলার মেহেদী হাসান মিঠু।

ভুরুঙ্গামারী উপজেলা শহরের দর্জি ব্যবসায়ী বজলার রহমানের ছেলে মিঠু ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অনুরাগী। দুই ভাইবোনের মধ্যে বড় তিনি। বোনের বিয়ের পর বাবা-মাকেই কেন্দ্র করে চলছে তাদের সংসার। স্থানীয় মাঠে বেড়ে ওঠা এই তরুণ ধীরে ধীরে পৌঁছে গেছেন জাতীয় দলের জার্সি গায়ে খেলার সুযোগে।

২০১২ সালে কারওয়ান বাজার প্রগতি সংঘের হয়ে ঢাকার ফুটবলে অভিষেক ঘটে মিঠুর। এক বছর পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে নিয়মিত ফুটবল খেলতে থাকেন। ২০১৮ সালে সেনাবাহিনীর হয়ে আন্তঃবাহিনী টুর্নামেন্ট জেতেন। একই বছরে চট্টগ্রাম আবাহনীর জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার প্রথম উপস্থিতি ঘটে।

মিঠু এর আগেও জাতীয় দলে ডাক পেয়েছিলেন, তবে দীর্ঘ বিরতির পর আবারও লাল-সবুজের হয়ে নাম লেখালেন তিনি। সর্বশেষ মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডিফেন্ডার। বর্তমানে তিনি মোহামেডানেই খেলছেন এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

১৯৯৪ সালের অক্টোবরে জন্ম নেওয়া মিঠু সেন্টার-ব্যাক, রাইট-ব্যাক ও লেফট-ব্যাক—তিন পজিশনেই সমান দক্ষ। তার ফুটবল ক্যারিয়ারে কাওরান বাজার পিএস, টিএন্ডটি ক্লাব মোতিজিল, মুক্তিযোদ্ধা সংসদ, বসুন্ধরা কিংসসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।

নেপালের বিপক্ষে আসন্ন দুই ম্যাচেও বাংলাদেশ দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন কুড়িগ্রামের এই ফুটবলার।

Exit mobile version