সাওরাত হোসেন সোহেল ।। চিলমারী
চিলমারীতে সেতু নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান একের পর এক অনিয়মের আশ্রয় নিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকায় ক্ষোভে কাজ আটকে দিয়েছেন এলাকাবাসী। তবে ইট সরিয়ে নেয়াসহ ভালো মানের ইট দিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন এলজিইডি বিভাগ। এর আগে সেতু নির্মাণে ব্রিজের দুই পাশে সংযোগ (এপ্রোচ) হেরিং বোন (এইচবিবি) সড়ক নির্মাণে নিম্নমানের ইট দেয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়। জানা গেছে, উপজেলার পাত্রখাতা এলাকার তিস্তা খালের উপর নির্মাণ করা হয় ৬৮ মিটার একটি ব্রিজ।
এলজিইডি বিভাগের অধীনে কাজটি করেন মেসার্স বসুন্ধরা অ্যান্ড মেসার্স খায়রুল এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তথ্যমতে, ৩ কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৯৬ টাকা ব্যয়ে ২০২১-২২ অর্থবছরে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ৬৮ মিটার সেতুটির কাজ ২০২১ সালের ডিসেম্বর শুরু হয়।
দরপত্র অনুযায়ী সেতুটির কাজ ২০২৩ সালের ৮ই জুন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গাফিলতির কারণে এখনো শেষ হয়নি। শুধু তাই নয়, ব্রিজের দুই পাশে ব্লক বসানো এবং গাইড পোস্ট নির্মাণ ও বসাতেও নেয়া হয় অনিয়মের আশ্রয়। এলাকাবাসীর বাধার মুখে এলজিইডি কর্তৃপক্ষ কিছু বাতিল করলেও পরে ঠিকাদার প্রতিষ্ঠান না সরিয়ে কৌশলে সেগুলো কাজে লাগায়।
অবশেষে ব্রিজের সংযোগ সড়ক এইচবিবি (হেরিং বোন) নির্মাণে রাতের আঁধারে নিম্নমানের ইট বসিয়ে কাজ সমাপ্ত করার চেষ্টা করলে টের পেয়ে গত শুক্রবার সকালে এলাকাবাসী বাধা দিলে বন্ধ করতে বাধ্য হন ঠিকাদার প্রতিষ্ঠান। পরে উপজেলা প্রকৌশলী সরজমিন ঘুরে ইট সরিয়ে নিতে আদেশ দেন।
স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, সেতু নির্মাণের সময় (৫ই আগস্টের আগে) অনিয়মের বাধা দিতে গেলে মামলা আর হামলার ভয় দেখানো হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার আ. মান্নান বলেন, অফিসের নির্দেশনায় ইট সরিয়ে নেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার আলী বলেন, ইটগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। আর কোনো অনিয়ম মেনে নেয়া হবে না।

