নানা অনিয়মের অভিযোগে পরিবেশের কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ


hamarkur6 প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন /
নানা অনিয়মের অভিযোগে পরিবেশের কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ

নিউজ ডেস্ক

কুড়িগ্রামে অর্থের বিনিময়ে জনবসতিপূর্ণ এলাকায় ভারি শিল্প কারখানার (ফ্লাওয়ার মিল) ছাড়পত্র দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে পরিবেশের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ভেলাকোপা ও কেচাপাড়া গ্রামের শতাধিক নারী-পুরুষ।

বিক্ষোভকারীদের অভিযোগ কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম এবং রংপুর বিভাগীয় কর্মকর্তা নুর আলম অনৈতিক সুবিধা নিয়ে আবাসিক এলাকায় সুফিয়া অটো ফ্লাওয়ার মিল নামে একটি কারখানা স্থাপনের সুযোগ করে দিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া হারুন অর রশিদ নামের এক বাসিন্দা বলেন, আমরা একাধিকবার মিলটি নিয়ে সরকারি নানা দপ্তরে অভিযোগ দিয়েছি কিন্তু এটির কোন সুরাহা হয়নি। আমরা পরিবার পরিজন নিয়ে বাড়িতে থাকতে পাচ্ছি না।

ভূক্তভোগীদের অভিযোগ, কারখানাটি যখন চলে তখন বাড়িঘর সব কাঁপে। বিকট শব্দে কারো কথা শোনাই কষ্টসাধ্য হয়। এছাড়া কারখানার বর্জ্য পানি ফেলা হচ্ছে ফসলি জমিতে, এতে ফসলের ক্ষতি হচ্ছে। গ্রামের সরু রাস্তা দিয়ে প্রতিনিয়ত ভারি ট্রাক চলাচল করায় সড়কের ক্ষতি হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বক্তারা পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের অনৈতিক সুবিধা নিয়ে আবাসিক এলাকায় অবিলম্বে অবৈধ কারখানাটি বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন-ভেলাকোপা এলাকার মোহাম্মদ, রশিদুল ইসলাম ও হারুন অর রশিদ।

অভিযোগের বিষয় কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘সব মিথ্যা অভিযোগ, আমাদের স্যার নতুন হওয়ায় আমরা গতকাল কারখানাটি পরিদর্শনে গিয়েছিলাম।’