
মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা বাজারে শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাজারের আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অধীর চন্দ্র সাহার সার, তেল ও কীটনাশক ব্যবসায় প্রায় ১৭ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া আমিনুল ইসলামের ব্যবসায় ১০ লাখ, কাকলী ট্রেডার্সের হাছেন আলীর ১০ লাখ, মুদি ব্যবসায়ী মমিনুল ইসলাম, সুপারি ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিমের ৩ লাখ, সেলুন মালিক ফনি চন্দ্র শীলের ১ লাখ ৫০ হাজার এবং মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলীর ৫০ হাজার টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান জানান, ভোর পৌনে ৫টার দিকে তিনি আগুন দেখতে পান এবং দ্রুত লোকজনকে ডেকে আগুন নেভানোর চেষ্টা করেন। আরেক স্থানীয় ব্যক্তি খাইরুল ইসলাম বলেন, ভোরে বাজারের একটি দোকান থেকে আগুন শুরু হয়ে তা দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মমিনুল ইসলাম জানান, তাদের ব্যবসায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অধীর চন্দ্র সাহার ছেলে প্রাণ চন্দ্র সাহা বলেন,রাতে বাবা দোকান বন্ধ করে বাসায় চলে যান। ভোরে মানুষের হৈচৈ শুনে বাজারে এসে দেখি দোকান জ্বলছে। আগুনে আমাদের ১৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনি নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রাও আগুন নেভাতে চেষ্টা করেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :